সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে (২৩ জুন) পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে (২৩ জুন) পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলন, স্বাধিকার সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী এই দলটির গৌরবোজ্জ্বল ইতিহাস ও রাজনৈতিক অবদান প্রতিষ্ঠার ৭৭ বছর পূর্তিতে দেশজুড়ে নতুন করে আলোচনায় এসেছে।

১৯৪৯ সালে রোজ গার্ডেনে অনুষ্ঠিত দলের প্রথম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সে সময় তৎকালীন তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দি ছিলেন। বন্দি অবস্থাতেই দল গঠনে তাঁর সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রথম কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

পরবর্তীতে ১৯৫৩ সালে ময়মনসিংহে অনুষ্ঠিত দ্বিতীয় কাউন্সিলে মওলানা ভাসানী পুনরায় সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর দুই বছর পর, ১৯৫৫ সালের ২১ থেকে ২৩ অক্টোবর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত তৃতীয় কাউন্সিলে দলটিকে অসাম্প্রদায়িক রূপ দিতে নামের শেষ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। নতুন নামকরণ করা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর দলটির স্থায়ী নাম রাখা হয় ‘বাংলাদেশ আওয়ামী লীগ’।

১৯৬৬ সালের ১ মার্চ ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষণার প্রাক্কালে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তাঁরই আপসহীন নেতৃত্বে দলটি বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেয়।

স্বাধীনতার পর ১৯৭৫ সালে পটপরিবর্তনের ধারাবাহিকতায় দীর্ঘ রাজনৈতিক সংকটের পর, ১৯৮১ সালের জাতীয় কাউন্সিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি দলটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং তাঁর নেতৃত্বে দলটি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, স্বাধীনতা আন্দোলন এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার সাথে আওয়ামী লীগের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন