সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আ.লীগের আমলের চেয়ে বিএনপির আমলে আরও বেশি মার খেয়েছি: এনসিপি নেতা

ঢাকার দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কোতোয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকার দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কোতোয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই জহিরুর ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা।

শুনানিতে আনোয়ার হোসেনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন সুমন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি আদালতে দাবি করেন, তার মক্কেল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা-ভাঙচুরে অংশ নিয়েছেন—এমন কোনো প্রমাণ নেই। তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে আনোয়ার হোসেন বলেন, তিনি জাতীয় নাগরিক কমিটির কোতোয়ালী থানার প্রধান সমন্বয়ক এবং সংগঠনের কোনো কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন না।

পরে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, “আমার অপরাধ আমি জুলাই যোদ্ধা। আওয়ামী লীগের আমলেও অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে কথা বলে হামলার শিকার হয়েছি। বিএনপির আমলে আরও বেশি মার খেয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আনোয়ার বলেন, “এটা আমার বাকস্বাধীনতা।” এছাড়া দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “এগুলো মিথ্যা কথা।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর গভীর রাতে একদল হামলাকারী লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে দ্য ডেইলি স্টার ভবনে হামলা চালায়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় গত ২২ ডিসেম্বর দ্য ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

এদিকে, একই দিনে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেক মামলায় গত ২২ জুন আনোয়ার হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। বর্তমানে ডেইলি স্টার কার্যালয়ে হামলার মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন