ঢালিউড অভিনেত্রী পরীমণি আবারও নতুন একটি প্রজেক্টের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্ভাব্য নতুন কাজের আভাস দিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর এ খবর তার ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে।
২০১৫ সালে বড়পর্দায় অভিষেকের পর ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন পরীমণি। ছবির জনপ্রিয় গান “স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে…” তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং ‘ডানাকাটা পরী’ ইমেজ গড়ে তুলতে ভূমিকা রাখে।
এরপর তিনি একের পর এক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৮ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। পরবর্তীতে ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’ এবং ‘মুখোশ’-এ অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন।
সবশেষে তাকে বড়পর্দায় দেখা যায় ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে। এরপর ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং বিভিন্ন কারণে অভিনয়ে কিছুটা বিরতি নেন তিনি।
সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় যান। সেখানে পরীমণি ও তার ছেলে রাজ্যের সঙ্গে কেক কাটার একটি মুহূর্তও দেখা যায়।
এ সময় পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, “Celebrating something big! Coming soon!! Jazz Multimedia × Porimoni Again.” এই পোস্টের পর থেকেই নতুন প্রজেক্ট নিয়ে জল্পনা শুরু হয়।
তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজ। তিনি বলেন, “এ বিষয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। অফিসিয়ালি ঘটা করে জানাবো।”
অন্যদিকে পরীমণিও নতুন কাজ নিয়ে মুখ খুলছেন না। তবে তার দেওয়া ‘সামথিং বিগ’ ইঙ্গিত ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
দীর্ঘ বিরতির পর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্ভাব্য এই প্রত্যাবর্তনের মাধ্যমে পরীমণি আবারও বড়পর্দায় শক্তিশালী উপস্থিতি নিয়ে ফিরবেন— এমন প্রত্যাশাই করছেন তার ভক্তরা।