আবারও পরিবর্তন এলো বাংলাদেশ পুলিশের পোশাকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্কারের অংশ হিসেবে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত বদলে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। আজ বুধবার (১ জুলাই) থেকে মাঠপর্যায়ে নতুন এই পোশাকের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়েছে।
আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে পুলিশ কর্মকর্তাদের নতুন এই পোশাকে দেখা যায়। ক্যাম্পটি উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে আইজিপি গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় অংশ নেন।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকেই পুলিশ সদস্যরা নতুন পোশাক পরা শুরু করেছেন। তবে এখনো সব সদস্যের কাছে এই পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই এটি পাবেন এবং যারা ইতিমধ্যে পেয়েছেন, তারা নতুন ইউনিফর্মেই দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে ব্যাপক সংস্কারের দাবি ওঠে। এর প্রেক্ষিতে বিগত সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তন করে ‘লোহা-ধূসর’ রঙের শার্ট এবং ‘কফি-বাদামি ধূসর’ রঙের প্যান্ট নির্ধারণ করা হয়েছিল, যা গত বছরের ২৫ নভেম্বর থেকে কার্যকর হয়। তবে ওই পোশাকের রঙ নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দেয়।
পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকার ক্ষমতায় এলে পুলিশের পোশাক আবার পরিবর্তনের দাবি জোরালো হয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর থেকে পোশাকের রঙ পরিবর্তন করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার বা প্যান্ট হবে খাকি রঙের। সাধারণ ও জেলা পুলিশের শার্ট হবে গাঢ় নীল রঙের এবং ডিএমপিসহ মহানগর পুলিশের শার্ট হবে হালকা জলপাই রঙের। মৌসুম অনুযায়ী গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরা হবে। এছাড়া শীতকালীন জার্সি, কার্ডিগান বা জ্যাকেটের রঙও নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল।
নতুন প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাকের বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে। নারী সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরিধান করা যাবে।
এছাড়া নারী সদস্যরা চাইলে মাথায় গাঢ় নীল রঙের ধর্মীয় আবরণ (হিজাব) ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরার সুযোগ পাবেন এবং গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অনুমতি নিয়ে তারা সাধারণ পোশাক পরতে পারবেন।