সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আর্জেন্টিনার ভক্ত হয়েও মিশরের জয় চান চিত্রনায়িকা বর্ষা

ফুটবল বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রিয় দলের খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা

ফুটবল বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রিয় দলের খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। তবে বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচের আগে ভিন্ন এক বার্তা দিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

আজ মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এই ম্যাচটি ঘিরে নিজের অবস্থান জানাতে গিয়ে বর্ষা জানান, প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেলেও তার মনে কোনো কষ্ট থাকবে না। এর পেছনে তিনি মূলত নিজের ধর্মীয় অনুভূতিকে কারণ হিসেবে তুলে ধরেছেন।

আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি প্রকাশ করে বর্ষা লিখেছেন, ‘আজ আমার প্রিয় দল আর্জেন্টিনা হারলেও কষ্ট পাব না। কারণ, মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক। আমিন।’

বর্ষার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তার অনুসারীদের একাংশ এই ভাবনার প্রশংসা করে কমেন্ট বক্সে একাত্মতা প্রকাশ করেছেন। তবে অন্য একদল নেটিজেন এর সমালোচনা করে বলছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় পরিচয় বা আবেগকে যুক্ত করা অনুচিত এবং ফুটবলকে শুধুই খেলা হিসেবে দেখা উচিত। এ ধরনের মন্তব্য অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দেয় বলেও অনেকে মনে করছেন। তবে এ নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া আলোচনার বিপরীতে বর্ষার পক্ষ থেকে নতুন কোনো ব্যাখ্যা বা মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে আফিয়া নুসরাত বর্ষাকে মূলত স্বামী অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত সিনেমাগুলোতেই বেশি দেখা গেছে। গত বছর এই তারকা দম্পতি অভিনয়জীবন থেকে পুরোপুরি সরে গিয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করেন। তারা জানান, হাতে থাকা চলচ্চিত্র ও চুক্তিবদ্ধ কাজগুলোর কাজ শেষ করেই তারা রূপালী পর্দা থেকে বিদায় নেবেন।

চলতি বছরেও তাদের বেশ কিছু বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে। বর্তমানে নতুন কিছু প্রকল্প নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি শিগগিরই ‘কিল হিম ২’ সিনেমার শুটিংয়ে এই জুটির অংশ নেওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন