সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

‘সু চি আমাদের বোন, তিনি সুস্থ আছেন’: আসিয়ানকে মিয়ানমার সরকার

কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চি সুস্থ আছেন এবং তাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখাশোনা করা হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানকে (ASEAN)

কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চি সুস্থ আছেন এবং তাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখাশোনা করা হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানকে (ASEAN) জানিয়েছে মিয়ানমার সরকার। এমনকি মিয়ানমারের জান্তা সমর্থিত পররাষ্ট্রমন্ত্রী সু চিকে ‘আমাদের বোন’ হিসেবেও সম্বোধন করেছেন।

মিয়ানমারে আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

লাজারো জানান, রবিবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী টিন মং সোয়ের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জোটের এমন বৈঠক হলো। বৈঠকে লাজারো ৮১ বছর বয়সী সু চির সঙ্গে সাক্ষাতের জন্য চাপ দিলে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, ‘অং সান সু চি আমাদের আত্মীয়, তিনি আমাদের বোন। আমরা তার যথাযথ যত্ন নেব এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।’

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তাকে বন্দি করে রাখা হয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন ফৌজদারি মামলায় ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন, যদিও সম্প্রতি তার সাজা এক-তৃতীয়াংশ কমানো হয়েছে। সু চি ও তার সমর্থকরা অবশ্য সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, তা এখনও গোপন রেখেছে জান্তা সরকার।

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ বন্ধ ও শান্তি প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যেই রবিবারের এই বৈঠকের আয়োজন করা হয়। সংঘাতের কারণে দেশটিতে এ পর্যন্ত প্রায় ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সহিংসতা বন্ধে আসিয়ানের প্রস্তাবিত ‘পাঁচ দফা শান্তি পরিকল্পনা’ বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের সামরিক নেতৃত্বকে দীর্ঘদিন জোটের শীর্ষ বৈঠকগুলো থেকে বাদ রাখা হয়েছিল। তবে বিশেষ দূত লাজারো মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে কিছু অগ্রগতি হচ্ছে। এই সংকট এক দিনে সমাধান করা সম্ভব নয়, তাই সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।’

এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকে জানান, আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের প্রত্যাশার কথা স্পষ্ট করেছেন। অং সান সু চি সত্যিই সুস্থ আছেন কি না, তা নিশ্চিত হতে তারা সু চির সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ চেয়েছেন।

অন্যদিকে, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবারের বৈঠকে দুই পক্ষের সম্পর্ক জোরদার করা এবং আসিয়ানের কার্যক্রমে মিয়ানমারের পূর্ণ ও সমান অংশগ্রহণ পুনরুদ্ধার করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তবে একই সাথে মিয়ানমারের সামরিকপন্থী সংসদ আসিয়ানের এই শান্তি উদ্যোগকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। এর জবাবে লাজারো সাফ জানিয়েছেন, তারা এটি গ্রহণ করুক বা না করুক, আসিয়ান তার পাঁচ-দফা শান্তি পরিকল্পনার পক্ষেই অটল থাকবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন