সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম ভিডিওটি নিয়ে দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার ঝড়ের পরদিনই (মঙ্গলবার) ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই নতুন ভিডিওটি ভাইরাল হয়।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, এক তরুণীর সঙ্গে কথা বলছেন গাজী নজরুল ইসলাম। এ সময় তাকে প্রশ্ন করা হয়, “আপনি ওরে কয়দিন আনছেন?” জবাবে তাকে বলতে শোনা যায়, “বিশ্বাস করেন, একবার। ওরে নিয়ে আমি একবারই এসেছি।” পাশাপাশি জামায়াত নেতা হয়ে নারী নিয়ে আসার বিষয়টি অন্যায় হয়েছে বলেও ভিডিওতে স্বীকার করতে দেখা যায় তাকে।
ভিডিওতে উপস্থিত তরুণীকে নাম জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে তা প্রকাশ করতে চাননি। বারবার প্রশ্নের মুখে তিনি নিজের নাম ‘মারিয়া’ বলে জানান এবং ধারণকৃত ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানান। তরুণীর বাসার ঠিকানা জানতে চাওয়া হলে তিনি চুপ থাকেন।
এর আগে গত সোমবার রাতেও ওই তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ভিডিওতে থাকা তরুণী গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’। পরবর্তীতে গাজী নজরুল ইসলামও তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে একই দাবি করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে তাকে জিম্মি করে এক লাখ টাকা আদায় করা হয়। পরে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।