ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার ও শিক্ষার্থীদের আন্দোলনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে তাঁদের নেতাকর্মীদের নিয়ে মোদির বাসভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করতে দেখা যায়।
শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে যুব-নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এই আন্দোলনের অংশ হিসেবে সোমবার নতুন দিল্লিতে হাজার হাজার সমর্থক ও শিক্ষার্থী নিয়ে ‘সংসদ অভিমুখে’ মিছিলের চেষ্টা চালানো হয়। সে সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও ব্যাপক লাঠিচার্জ করে। আন্দোলনকারী সংগঠনটির দাবি, পুলিশের এই হামলায় তাদের অন্তত ১৮০ জন কর্মী ও শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীদের ওপর পুলিশি ক্র্যাকডাউনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, “গতকাল শিক্ষার্থীদের ওপর যে অন্যায় ও নৃশংসতা চালানো হয়েছে, তার জবাবদিহি চাইতেই আমরা প্রধানমন্ত্রী মোদির বাসভবন অভিমুখে মিছিল করেছি।”
উল্লেখ্য, ‘নিট’ পরীক্ষা ও কেন্দ্রীয় বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতে ‘ককরোচ মুভমেন্ট’ শিরোনামে যে আন্দোলন শুরু হয়েছে, বিরোধী দল কংগ্রেসের মাঠে নামার মধ্য দিয়ে তা এবার নতুন রাজনৈতিক মাত্রা পেল।