ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস এবং ধারাবাহিক অনিয়মের অভিযোগ ঘিরে তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শিক্ষার্থী, অভিভাবক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর টানা বিক্ষোভ ও তোপের মুখে নতিস্বীকার করে অবশেষে ভারত সরকারের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-র বরাতে জানা যায়, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো ভারতজুড়ে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হওয়া এবং লাখ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলার অভিযোগে শিক্ষামন্ত্রীর সরাসরি পদত্যাগ দাবি করে আসছিল বিরোধী দলগুলো ও ছাত্র সংগঠনগুলো।
টানা বিক্ষোভের ফলে কেন্দ্রীয় সরকারের ওপর মারাত্মক রাজনৈতিক চাপ তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলা ও বিতর্কের অবসান ঘটাতে শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ভারতজুড়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য অতি গুরুত্বপূর্ণ এই নিট পরীক্ষা ঘিরে অনিয়ম ও প্রশ্নফাঁসের জেরে সাম্প্রতিক সময়ে মোদি সরকার তীব্র বিতর্কের মুখে পড়েছিল।