সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

মুরগির বিষ্ঠা নিয়ে সংঘর্ষ: ফুলবাড়ীয়া জামায়াতের আমীরসহ ৩ জন কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁওয়ে একটি খামারের মুরগির বিষ্ঠার ভাগাভাগি কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁওয়ে একটি খামারের মুরগির বিষ্ঠার ভাগাভাগি কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো জামায়াত নেতারা হলেন, ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফজলুল হক শামীম, সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।

মামলা সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে ‘সিপি বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান লেয়ার মুরগি পালন করে আসছে। ওই খামারের মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুটপাট এবং প্রাইভেটকার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ ওঠে।

পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে জামায়াত ও ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্যের ভাইসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়। শুনানির নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, ময়মনসিংহ জেলা জজ আদালতে ধার্য তারিখে হাজিরা দিয়ে জামিন আবেদন করেছিলেন জামায়াতের তিন নেতা। আদালত শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন