ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলামের আদর্শ ও নীতির জায়গা থেকে দল কখনো আপস করবে না। জোট ত্যাগের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।”
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, কোরআনের পক্ষে আন্দোলনের একটি লক্ষ্য নিয়ে জোট গঠিত হলেও পরবর্তীতে তার লক্ষ্যচ্যুত ঘটে। কাফেলা মদিনার আদর্শ থেকে আমেরিকার অভিমুখে মোড় নেওয়ায় নীতিগত জায়গা থেকেই তারা জোট ত্যাগের সিদ্ধান্ত নেন।
বিএনপি মহাসচিবের বক্তব্যের সূত্র টেনে ফয়জুল করীম বলেন, ঘুষ-দুর্নীতি বন্ধ না হওয়ার কথা স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্বীকার করেছেন। তবে দেশে একমাত্র ইসলামী হুকুমাত কায়েম করা ছাড়া কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে ১০ বছরের মধ্যে দেশের দারিদ্র্য দূর হবে এবং নারীরা তাদের সমঅধিকারের নামে প্রতারিত না হয়ে প্রকৃত ন্যায্য অধিকার পাবে। দেশের মানুষের অধিকার বাস্তবায়নে নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার, জেলা শাখার সভাপতি এ টি এম গোলাম মোস্তফা বাবু ও সেক্রেটারি মুহা. মাহমুদুর রহমান রিপন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।