সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং বিচারিক প্রক্রিয়ায় তার সব ধরনের আইনি ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আদালত যে রায় দেবেন, তা সরকার মেনে নেবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যাবর্সন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। দেশের বিচার ব্যবস্থার প্রতি সরকারের আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীর সাংবিধানিক অধিকার রক্ষা করা হবে, যা একজন নাগরিক হিসেবে তার প্রাপ্য।
ভারত থেকে তাকে প্রত্যর্পণের বিষয়ে উপদেষ্টা স্পষ্ট করেন যে, চুক্তি অনুযায়ী বাংলাদেশ তাকে ফেরত আনার চেষ্টা করছে। কিন্তু ভারত সরকার এ বিষয়ে আশানুরূপ সহযোগিতা না করে উল্টো তাকে সে দেশে অবস্থান করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও সংবাদ সম্মেলন করার সুযোগ দিচ্ছে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থেই ভারতের এ বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা উচিত। সে দেশে বসে শেখ হাসিনার কার্যক্রমের বিষয়ে বাংলাদেশের স্পষ্ট অবস্থান ইতোমধ্যেই ভারতকে জানানো হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে কোনো ধরনের মাফিয়া বা ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। দেশজুড়ে গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।