স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ৯টায় কঠোর পুলিশি পাহারায় মুন্সীগঞ্জ কারাগার থেকে তাঁকে রাজধানীর কলাবাগানের বাসায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বেলা সোয়া ১২টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয় জানাজায় অংশগ্রহণের জন্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর খবরে ডা. দীপু মনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছেন। কলাবাগানের বাসায় অবস্থানকালে স্থানীয় বশির উদ্দিন রোড মসজিদের মুয়াজ্জিনসহ কয়েকজন কারাবন্দি নেত্রীর সামনে কোরআন তেলাওয়াত করেন। সেখানে চাঁদপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নিকটাত্মীয়রা এসে তাঁকে সান্ত্বনা দেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফীক নাওয়াজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোলের সময়সীমা নির্ধারিত রয়েছে। সময় সাপেক্ষ হলে জানাজা ও দাফনের প্রক্রিয়ায় তিনি প্রিজন ভ্যানে অবস্থান করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে পুনরায় মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগে মঙ্গলবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পেশায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছাড়াও তিনি একজন বিশিষ্ট ধ্রুপদি সংগীত অনুরাগী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন তাঁর স্ত্রী ডা. দীপু মনি।