সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

রংপুরে পরিবারসহ অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: নিরপেক্ষতার স্বার্থে বিচার বিভাগীয় তদন্তের জোর দাবি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি কোনো ‘সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নয়’ বলে উল্লেখ করেছেন জেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি কোনো ‘সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নয়’ বলে উল্লেখ করেছেন জেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতারা। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রংপুর মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এই বক্তব্য তুলে ধরেন। তবে একই ঘটনার আলামত ধামাচাপা দেওয়ার আশঙ্কা থেকে ঘটনার সুষ্ঠু বিচারে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের জোরালো দাবি জানিয়েছে সনাতনী জাগরণ জোট।

পুলিশ কমিশনারের মতবিনিময় সভা এবং রংপুর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে উঠে আসে মূল বিষয়গুলো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক পরিতোষ চক্রবর্তী স্পষ্ট করেন যে, মূলত মাদক সেবন কেন্দ্রিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রংপুরে হিন্দুরা সুরক্ষিত উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম এ ঘটনা নিয়ে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে।

সভায় উপস্থিত ইসকন ও অন্যান্য পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা এলাকাভিত্তিক মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে পুলিশকে কঠোর হওয়ার আহ্বান জানান।

নতুন মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ আলামত ধুয়ে ফেলার অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেন। অপরাধীদের ছাড় না দেওয়ার অঙ্গীকার করে আগামী এক সপ্তাহের মধ্যে রংপুর নগরীতে দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস দেন তিনি।

শুক্রবার বিকেলে রংপুর প্রেস ক্লাব চত্বরে সনাতন অধিকার আন্দোলন, বাংলাদেশ হিন্দু যুব ও ছাত্র মহাজোটসহ একাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ মানববন্ধন করে।

জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুশান্ত অধিকারী ও সমন্বয়ক দীপঙ্কর ভট্টাচার্য অভিযোগ করেন, পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের নিয়ে করা একাধিক সংবাদ সম্মেলনে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

পুলিশের এমন দ্বিমুখী বক্তব্যে কোনো সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কি না তা নিয়ে জনমনে তীব্র সংশয় তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচিত হওয়ায় সুষ্ঠু ন্যায়বিচারের স্বার্থে অবিলম্বে ‘বিচার বিভাগীয় তদন্ত কমিটি’ গঠনের আহ্বান জানায় সনাতনী সংগঠনগুলো।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন