সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আওয়ামী লীগের পক্ষে কথা বললে হাঁস খেয়ে ফেলা হবে: সারোয়ার তুষার

আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ‘হাঁস’ প্রতীক খেয়ে ফেলার তীব্র হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক

আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ‘হাঁস’ প্রতীক খেয়ে ফেলার তীব্র হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক নিয়ে বিজয়ী হন রুমিন ফারহানা।

বক্তব্যে সারোয়ার তুষার বলেন, নৌকাডুবি হওয়ার পর হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তবে জনগণ তাকে আস্ত রাখবে না। হাঁস কিন্তু মানুষ খেয়ে ফেলবে, কাজেই সাধু সাবধান। আমরা আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের ওকালতি বা জাস্টিফিকেশন শুনতে চাই না। আপনি আওয়ামী লীগের বিচার চান না, অথচ বলেন তাদের আসতেই হবে—এটা মেনে নেওয়া হবে না।

নির্বাচনে জয়ী হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি নির্বাচনে জিতে মনে করার কারণ নেই যে যা খুশি তা করার লাইসেন্স পেয়ে গেছেন। আমরা আপনাকে পছন্দ করি, কিন্তু সবকিছুর একটা সীমা থাকা উচিত।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন