রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় একটি অফিসের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন, স্থানীয় চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং পথচারী আশা আক্তার (২০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকার একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় মুন্সিরটেক এলাকায় ফুফার চায়ের দোকানে অবস্থানকালে রাস্তায় হঠাৎ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি বুঝে দোকানের শাটার বন্ধ করতে গেলে একটি গুলি এসে তাঁর বুকের বাম পাশে কাঁধের দিকে লাগে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা চলছে এবং বিষয়টি গেন্ডারিয়া থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।