সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষ কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং সড়কের পাশে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর চালায়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় দায়িত্ব পালনকালে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আঘাত পেয়ে আহত হন। তাঁকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি (তদন্ত) সামান্য আঘাত পেয়েছেন। পুরো ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন