ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে কলেজের হোস্টেল থেকে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন।
অভিযুক্ত আদিব ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী এবং পলিটেকনিক শাখা শিবিরের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, আদিব তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে নারী ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে একটি অশালীন পোস্ট দেন। পোস্টটি সাধারণ শিক্ষার্থীদের নজরে এলে ক্ষোভের সৃষ্টি হয় এবং রাতে তাকে হোস্টেল থেকে আটক করে কলেজ প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে শিক্ষকরা উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করলে আদিব অভিযোগ স্বীকার করে ক্ষমা চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়।
ঘটনার বিষয়ে ফেনী পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক রুবেল মোঘল জানান, ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে তিনি সাধারণ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং শিক্ষকরা পুলিশে খবর দেন। অন্যদিকে সাধারণ শিক্ষার্থী মুশফিকুর রহমানসহ অনেকে অভিযুক্তের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।
ইনস্টিটিউটের উপাধ্যক্ষ রূপক কান্তি জানান, ফেসবুকে এ ধরনের অশালীন মন্তব্য প্রতিষ্ঠানের শৃঙ্খলার পরিপন্থী। শিক্ষার্থী আদিব দোষ স্বীকার করায় তার ভবিষ্যতের কথা বিবেচনা করে আপাতত কোনো আইনি মামলা করা হচ্ছে না। অভিভাবকদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে তাদের জিম্মায় দেওয়া হবে।
তবে উপাধ্যক্ষ স্পষ্ট করেন, মঙ্গলবার সকালে কলেজ প্রশাসনের জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর প্রাতিষ্ঠানিক ও শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।