বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত ফিরোজা বেগম উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাইয়ে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। গাড়িতে তার স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন।
গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম সড়ক পার হওয়ার সময় প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে এলে তাকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি পথচারী নারীকে ধাক্কা দিয়ে সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন এবং গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আঘাত পান।
উদ্ধারের পর গুরুতর আহত ফিরোজা বেগমকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তার মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম জানান, পথচারী নারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণের চেষ্টা করলে গাড়িটি ধানখেতে পড়ে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।