ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
পোস্টে তিনি জানান, বাসা পরিবর্তনের কাজ শেষে ক্লান্ত হয়ে ফেসবুকে ঢুকে তিনি জানতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী—যাদের মধ্যে শিবিরকর্মী বা সমর্থকও রয়েছে—তারা ক্লাসের নারী শিক্ষার্থী এবং তার নামে আপত্তিকর মন্তব্য করেছে। বিষয়টি জানার পর তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা শুরু করেন।
শিক্ষক মোনামী অভিযোগ করে লেখেন, পদক্ষেপ নেওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় তাকে অনবরত ট্যাগ করে খোঁটা দেওয়া ও নাজেহাল করা হচ্ছে। আগে রাজনৈতিক বিষয়ে অবস্থান নিয়ে শিবিরের পক্ষে কথা বলার কারণে তাকে এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তির শিকার হতে হচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।
পোস্টে তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, সরাসরি হোক বা পরোক্ষভাবে, কিছু শিক্ষার্থীর লক্ষ্যই থাকে যেকোনো অজুহাতে একজন নারীকে হয়রানি করা। এমন মানসিকতার শিক্ষার্থীদের পড়ানো নিয়ে আফসোস প্রকাশ করে তিনি উল্লেখ করেন, বিকল্প থাকলে তিনি হয়তো এই শিক্ষকতা পেশাই ছেড়ে দিতেন। পরিশেষে নিজের ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এই শিক্ষিকা।