শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার দাবিতে রাজধানীর গুলশানে বিশাল শোডাউন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান-১ গোল চত্বরের দিকে এগিয়ে যায়।
কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন বলে দাবি করেছেন অংশগ্রহণকারীরা। তাদের দাবি, শোডাউনে প্রায় ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তবে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কৃষি সম্পাদক মুশফিকুর হোসেন সাকিবের দাবি, মিছিলে প্রায় ৬ থেকে ৭ হাজার নেতাকর্মী অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, ‘পুলিশ প্লাজা থেকে মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। এতে অনেক নেতাকর্মী মিছিলে অংশ নিতে পারেননি।’
মুশফিকুর হোসেন সাকিব আরও বলেন, ‘কয়েকজন নেতাকর্মীকে আটকের তথ্য আমরা পেয়েছি।’
প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী, মিছিলকে কেন্দ্র করে গুলশান এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের বাধার কারণে মিছিলের কর্মসূচি ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শেখ হাসিনা গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁর দেশে ফেরার দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার গুলশানে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
তবে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।