সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ঢাকার গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বহু

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দলীয় কার্যালয় ভেতরে বৈঠকরত প্রায় ৩০-৪০ জন নেতাকর্মীকে পল্টন থানায় নিয়ে যাওয়া

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দলীয় কার্যালয় ভেতরে বৈঠকরত প্রায় ৩০-৪০ জন নেতাকর্মীকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে এ অভিযান শুরু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে দায়িত্বরত এসআই নাজমুল হোসেন জানান, বেলা ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ভবনটির তিনতলায় জাসদ কার্যালয়ে গিয়ে দেখতে পায় প্রায় চারশো লোক ভেতরে অবস্থান করে বৈঠক করছেন। পরে পুলিশ তাদের বের করে হেফাজতে নিতে শুরু করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং ভেতরে সভা চলার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, এখন পর্যন্ত ৩০-৪০ জনকে পল্টন থানায় নেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে, বিষয়টি পর্যালোচনা করে পরবর্তীতে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে জাসদ নেতা সাজ্জাদ হোসেন পুলিশের দাবি ও অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘মিথ্যা কথা’ বলে দাবি করেছেন। তিনি বলেন, আমাদের নিয়মিত প্রতিনিধি সভা চলছিল। কোনো বহিরাগত বা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আসেননি। একটা অজুহাত দাঁড় করিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, পুলিশ এসে কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীদের বের করে দিয়ে জাসদ কর্মীদের আটক শুরু করে।

অন্যদিকে, শাহবাগ থানা যুবদলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তপন সাংবাদিকদের কাছে দাবি করেন, দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি ও জ্বালাও-পোড়াও করার পরিকল্পনা নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকশ লোক এনে এখানে গোপন বৈঠক করা হচ্ছিল। তারা খবর পেয়ে ভবন ঘেরাও করে প্রশাসনকে জানান। তবে তার দাবি অনুযায়ী, প্রায় ৯৫ জনকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যেতে দেখা গেছে।

এদিকে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়নকে দেখা যায় জাসদ নেতাদের উপর চড়াও হতে। তাদের পুলিশের হাতে তুলে দেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং জাসদ কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন