ক্ষমতার পটপরিবর্তনের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতগামী হওয়ার পর এটি তাঁর টানা তৃতীয় জন্মদিন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজ ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জয় একটি বিস্তারিত স্ট্যাটাস প্রকাশ করেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ঐতিহাসিক একটি স্মৃতিকথা তুলে ধরেন।
সজীব ওয়াজেদ জয় লেখেন, ১৯৪৭ সালের দেশভাগের সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নির্দেশে বর্ডারে শরণার্থী তদারকির দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। তৎকালীন অন্তঃসত্ত্বা বেগম ফজিলাতুন নেছা মুজিব অসুস্থ থাকা সত্ত্বেও স্বামীকে চিঠি লিখে দেশের কাজে উৎসাহিত করে বলেছিলেন, “আপনি শুধু আমার স্বামী হওয়ার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্যও জন্ম নিয়েছেন… আপনি নিশ্চিন্ত মনে আপনার কাজে যান।” চিঠিটির কথা শুনে শহীদ সোহরাওয়ার্দী শেখ মুজিবকে বলেছিলেন, “Mujib, She is a precious gift to you from God. Don’t neglect her please.”
জয় উল্লেখ করেন, সেই সময়ে গর্ভে থাকা সন্তানই হলেন আজকের শেখ হাসিনা। মায়ের ত্যাগী চেতনা ও বাবার সংগ্রামের ধারাবাহিকতাতেই শেখ হাসিনার রাজনৈতিক চেতনার বিকাশ ঘটেছে উল্লেখ করে জয় তাঁর স্ট্যাটাসের শেষে লেখেন, “শুভ জন্মদিন, মা!”