সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ইউপিএল-এর বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের তুলে নিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি না করার শর্তে মুক্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানটির দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে তুলে নিয়ে আটকে রাখা হয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে বইটি আর বিক্রি না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার বাংলাবাজারে এ ঘটনা ঘটে। তবে কর্মীদের তুলে নিয়ে যাওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

ইউপিএল সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে দুই ব্যক্তি বিক্রয়কেন্দ্রে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চান। বইটি সামনে দেওয়ার পর তারা এটি বিক্রির তীব্র বিরোধিতা করেন এবং বইটি নিষিদ্ধ দাবি করে আপত্তি জানান। একপর্যায়ে তারা আশপাশের আরও কয়েকজনকে জড়ো করে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে দুই কর্মী আমিনুল ও হুমায়ূনকে তুলে নিয়ে সদরঘাটের লালকুঠি ঘাট এলাকায় আটকে রাখা হয়।

এ বিষয়ে ইউপিএলের সম্পাদকমণ্ডলীর পরিচালক ফিরোজ আহমেদ জানান, সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বই নিষিদ্ধ ঘোষণা করলে আমরা তা বাজার থেকে সরিয়ে নিতে বাধ্য। কিন্তু আইনগতভাবে সরকার এমন কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা নিজ থেকে কোনো বই সরাব না। শুধু অসমাপ্ত আত্মজীবনী নয়, এর আগেও বিভিন্ন বই নিয়ে নানা চাপ এসেছে, কিন্তু আমরা কোনো বই সরাইনি। কারণ প্রতিটি বই প্রকাশের পেছনে আমাদের শ্রম ও বড় অঙ্কের বিনিয়োগ থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তুলে নেওয়া দুই কর্মীকে থানায় না এনে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল এবং সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ওসি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের পর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি আর নতুন করে ছাপানো হয়নি। পরবর্তীতে আর বইটি বিক্রি না করার শর্তে দুই কর্মীকে পুলিশ ফাঁড়ি থেকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন