সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (৩ অক্টোবর) পুলিশ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শুনানি চলাকালে মেজর (অব.) আখতারুজ্জামান তার ওপর জোরপূর্বক হেলমেট ও হাতকড়া পরানোর অভিযোগ তোলেন এবং ক্ষোভ প্রকাশ করে হেলমেট খুলে ছুড়ে ফেলেন। পরে তার আপত্তির মুখে বিচারকের নির্দেশে হাতকড়া খুলে দেওয়া হয়।

নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আমার মুক্তিযুদ্ধ করে সৃষ্টি করা দেশে আমাকে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে। রাষ্ট্র সঠিক পথে নেই। অব্যবস্থাপনা নিয়ে আমি আমৃত্যু কথা বলে যাব। তিনি আরও বলেন, এভাবে রাষ্ট্র চলতে পারে না। এত অব্যবস্থাপনা করে কোনো সরকার টিকে থাকতে পারে না। জামায়াতে ইসলামী দেশকে সঠিক পথে পরিচালনার জন্য সংগ্রাম করে যাচ্ছে। প্রসিকিউশন যদি আমার অপরাধ প্রমাণ করতে পারে, তবে আমি ফাঁসিতে যেতে রাজি।

তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, পুলিশি তদন্ত একপেশে হচ্ছে এবং কোনো তদন্ত কর্মকর্তা এখনও তার সঙ্গে সরাসরি কথা বলেননি। এ সময় তার অনুরোধে বিচারক আদালতকক্ষ থেকে পুলিশ সদস্যদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেন এবং কেবল তদন্ত কর্মকর্তাকে সেখানে রাখা হয়।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকা ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি ও লাগেজ সংকটকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিশৃঙ্খলা, সরকারি দায়িত্বে বাধা প্রদান এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করা হয়।

এদিকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন