ইউরো বাংলা ডেস্ক
উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তোফায়েল আহমেদের ১ম জানাজা আজ সোমবার (১ জুন) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির ১২/এ এলাকার তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা আগামীকাল মঙ্গলবার (২ জুন) তার নিজ জেলা ভোলায় অনুষ্ঠিত হবে।ভোলায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে মরদেহ কিছুক্ষণের মধ্যে ধানমন্ডির তাকওয়া মসজিদে নেওয়া হবে। সেখানে গোসল ও আনুষ্ঠানিকতা শেষে প্রথম জানাজা সম্পন্ন করা হবে। এরপর সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার সকালে তার মরদেহ ঢাকা থেকে নিজ জেলা ভোলায় নিয়ে যাওয়া হবে।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৮ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে আজ বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।