যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান হয়েছে এবং তেহরান আর কখনও পরমাণু অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সিনেট প্রার্থী ব্যারি মুর-এর সমর্থনে আয়োজিত এক টেলি-র্যালিতে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, আপনারা শুনেছেন কি না জানি না, কিন্তু আজ থেকে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা কখনও পরমাণু অস্ত্র রাখবে না বলে সম্মত হয়েছে। এটি এমন একটি বিষয়, যার ওপর আমরা জোর দিয়েছিলাম।”
পরে একই অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মীমাংসা করেছি।
তিনি দাবি করেন, আমরা একটি দারুণ চুক্তি করেছি। সেখানে কোনো পরমাণু অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষজন ঘরে ফিরতে শুরু করবে। সবকিছু প্রায় সম্পন্ন। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।
তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া সম্ভাব্য চুক্তির শর্তাবলি বা এর বিস্তারিত বিষয়ও প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ট্রাম্পের দাবিকৃত সমঝোতা বাস্তবে কতটা কার্যকর হবে এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে আরও স্পষ্ট তথ্য সামনে আসা প্রয়োজন।