সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

উত্তরবঙ্গের ১০ হাজার তরুণকে বিনামূল্যে কোচিং দিচ্ছে শ্রিংলার ‘ডিডব্লিউএস’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরদিকের জেলাগুলোর তরুণদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি (ডিডব্লিউএস)। সংগঠনটির প্রতিষ্ঠাতা, দার্জিলিংয়ের বর্তমান সংসদ সদস্য

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরদিকের জেলাগুলোর তরুণদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি (ডিডব্লিউএস)। সংগঠনটির প্রতিষ্ঠাতা, দার্জিলিংয়ের বর্তমান সংসদ সদস্য ও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার বিশেষ প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের আওতায় অঞ্চলের ১০ হাজারের বেশি শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে ভারতের বিভিন্ন জাতীয় ও রাজ্য পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার কাঠামোগত কোচিংয়ের সুযোগ পাবেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার (১৫ জুন) সংগঠনটি আনুষ্ঠানিকভাবে ‘ডিডব্লিউএস উৎকর্ষ’ নামে এই কল্যাণমুখী কর্মসূচি চালু করেছে। ভারতের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘ফিজিকস ওয়ালা’ এর সঙ্গে কৌশলগত অংশীদারত্বে এটি পরিচালনা করা হবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের সরকারি ও প্রতিরক্ষা খাতের চাকরির জন্য মানসম্মতভাবে প্রস্তুত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির লোকসভা সংসদ সদস্য জয়ন্ত কুমার রায়, নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহেন্দ্র নাথ রায় এবং সাবেক আইপিএস কর্মকর্তা ও ফিজিকস ওয়ালার সিইও কে. সত্যনারায়ণ।

কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের উত্তরভাগের ৫টি জেলার প্রার্থীরা এই বিশেষ সুবিধা পাবেন। জেলাগুলো হলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
ও কোচবিহার।

সাধারণত ভারতে এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য মানসম্মত কোচিংয়ে ১৫ হাজার থেকে শুরু করে ৭৫ হাজার রুপি পর্যন্ত খরচ হয়ে থাকে। ‘ডিডব্লিউএস উৎকর্ষ’ এই আর্থিক বাধা দূর করে সম্পূর্ণ বিনামূল্যে মোট ১৬টি পরীক্ষার পূর্ণাঙ্গ ডিজিটাল কোচিং প্রদান করবে।

এর মধ্যে উল্লেখযোগ্য কোর্সগুলো হলো, অগ্নিবীর, পশ্চিমবঙ্গ পুলিশ এসআই ও কনস্টেবল, এসএসবি/সিআইএসএফ কনস্টেবল নিয়োগ পরীক্ষা, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস (সিডিএস), ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (এএফসিএটি), সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ), স্টাফ সিলেকশন কমিটি (এসএসসি), ডব্লিউবিপিএসসি এবং ভারতের সর্বোচ্চ সিভিল সার্ভিস পরীক্ষা ইউপিএসসি ।

অ্যালাইনমেন্ট ঠিক রাখতে এবং বেশিসংখ্যক শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দিতে ‘আগে এলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে। একজন প্রার্থী কেবল একটি কোর্সেই যুক্ত হতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন এবং ভারতের জাতীয় পরিচয়পত্র ‘আধার কার্ড’ যাচাইয়ের পর নির্বাচিত করে সরাসরি ফিজিকস ওয়ালার প্রযুক্তি-নির্ভর অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হর্ষ বর্ধন শ্রিংলা উত্তরবঙ্গের তরুণদের মেধার প্রশংসা করে বলেন, উত্তরবঙ্গের তরুণদের মধ্যে অসাধারণ প্রতিভা ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু অনেক পরিবার মানসম্মত কোচিংয়ের চড়া খরচ বহন করতে হিমশিম খায়। ‘ডিডব্লিউএস উৎকর্ষ’ সেই আর্থিক বৈষম্যের ব্যবধান কমানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা। তরুণদের জ্ঞান ও দিকনির্দেশনা দিয়ে প্রশাসনিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতার যোগ্য করে তোলাই আমাদের লক্ষ্য। তরুণদের ওপর বিনিয়োগ মানেই আমাদের অঞ্চলের ভবিষ্যতের ওপর বিনিয়োগ।

অন্যদিকে, এক ভিডিও বার্তায় ফিজিকস ওয়ালার প্রতিষ্ঠাতা ও সিইও আলাখ পান্ডে বলেন, ভৌগোলিক বা আর্থিক অবস্থানের কারণে মানসম্মত শিক্ষা পাওয়ার অধিকার সীমিত হওয়া উচিত নয়। উত্তরবঙ্গের তরুণদের জন্য এমন একটি মহৎ উদ্যোগে ডিডব্লিউএসের অংশীদার হতে পেরে তারা গর্বিত।

উল্লেখ্য, বিগত দুই বছর ধরে ডিডব্লিউএস নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে ইউপিএসসি কোচিং পরিচালনা করে আসছিল, যেখানে প্রশিক্ষণ নেওয়া ১২০ জনেরও বেশি শিক্ষার্থী ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, আরবিআই এবং ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) মতো গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি পেয়েছেন। এবার বড় পরিসরে ফিজিকস ওয়ালার সাথে যুক্ত হওয়ায় এই অঞ্চলের কর্মসংস্থান ও শিক্ষাখাতে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন