সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা, আটক ১

লন্ডন প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগে লন্ডনে মামলা করেছে আওয়ামী লীগ।

লন্ডন প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগে লন্ডনে মামলা করেছে আওয়ামী লীগ। গত শুক্রবার (১৯ জুন) লন্ডনের ক্যামব্রিজ থানায় এই মামলাটি করা হয়।

মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়া অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন, এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই মামলার অন্যতম আসামি জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে বলে জানা গেছে। শনিবার (২০ জুন) এনসিপি ইউকে অ্যালায়েন্স এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যে অবস্থানরত হাসনাত আবদুল্লাহ একটি গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ আমাদের নামে মামলা করেছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স এখন পুরো বিষয়টি আইনিভাবে দেখছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স তাদের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের ‘বেধড়ক পেটানোর’ কাল্পনিক ও মিথ্যা অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্য দিয়ে তারা মূলত যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সঙ্গে সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের জাতীয় প্রচেষ্টাকে ব্যাহত করতেই এই ভিত্তিহীন মামলা করা হয়েছে। তবে পতিত আওয়ামী লীগ অতীতেও যেমন ব্যর্থ হয়েছে, এবারও চরমভাবে ব্যর্থ হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যে কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এবং সে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা ইতিমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় এবং তদন্তে সহযোগিতা করার জন্য হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন