সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জনে আবারও আলোচনায় এসেছেন স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো। যদিও দুজনের কেউই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি, তবে চলতি

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জনে আবারও আলোচনায় এসেছেন স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো। যদিও দুজনের কেউই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি, তবে চলতি বছরে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় তাদের নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়েছে।

সম্প্রতি মার্কিন সাময়িকী ELLE-এর এক প্রতিবেদনে এস্টার এক্সপোসিতোর ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং এমবাপ্পেকে ঘিরে চলমান গুঞ্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের মাদ্রিদে জন্ম নেওয়া এস্টার এক্সপোসিতো কিশোর বয়সেই অভিনয়ে যাত্রা শুরু করেন। থিয়েটারে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরে টেলিভিশনে কাজ করেন। তবে ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন।

‘এলিট’-এর প্রথম তিন মৌসুমে অভিনয়ের পর তিনি ‘সামওয়ান হ্যাজ টু ডাই’, ‘ভেনেনো’, ‘বান্দিদোস’, ‘ভেনাস’ এবং ‘লস্ট ইন দ্য নাইট’-এর মতো একাধিক সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি মন্টে-কার্লো টেলিভিশন উৎসবে ‘ইন্টারন্যাশনাল গোল্ডেন নিম্ফ অ্যাওয়ার্ড ফর মোস্ট প্রমিজিং ট্যালেন্ট’ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও সুপরিচিত নাম এস্টার। ডিজিগুয়াল, ইভ সাঁ লোরাঁ বিউটি, দোলচে অ্যান্ড গাব্বানা, মেরিন সেরে এবং বুলগারির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখেরও বেশি।

এমবাপ্পের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয় চলতি বছরের এপ্রিল মাসে। সে সময় প্যারিসে নৈশভোজ ও একটি বোলিং অ্যালিতে তাদের একসঙ্গে দেখা যায়। পরে সার্ডিনিয়ায় অবকাশ যাপন এবং জুনে বিশ্বকাপের আগে ইবিজায়ও তাদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি প্রকাশিত হলে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার এক্সপোসিতো বলেন, আমি এ নিয়ে কিছু বলব না। তবে আমি খুব ভালো আছি।

ফুটবল সম্পর্কে নিজের অজ্ঞতার কথাও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি ফুটবল সম্পর্কে খুব বেশি জানি না। আমাদের বাসায় কেউ খেলা দেখত না। তবে এখন এই জগৎকে নতুন করে আবিষ্কার করছি এবং ধীরে ধীরে আগ্রহ তৈরি হচ্ছে।

এস্টার জানিয়েছেন, অভিনয়জীবনে তিনি নিজেকে কোনো নির্দিষ্ট ধরনের চরিত্রে সীমাবদ্ধ রাখতে চান না। ভবিষ্যতে স্প্যানিশ ভাষার পাশাপাশি ইংরেজিসহ অন্যান্য ভাষার চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছা রয়েছে তার।

যদিও এমবাপ্পে ও এস্টার এক্সপোসিতো এখনো তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের ঘিরে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন