সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

চায়নিজ ইকোনমিক জোনে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি: চীনা রাষ্ট্রদূত

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়নিজ ইকোনমিক অ্যান্ড INDUSTRIAL জোনে ৩০টিরও বেশি চীনা কোম্পানি প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়নিজ ইকোনমিক অ্যান্ড INDUSTRIAL জোনে ৩০টিরও বেশি চীনা কোম্পানি প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সফলতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিনিয়োগসংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, আনোয়ারার চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। প্রায় ১০ বছর ধরে প্রকল্পটি নানা জটিলতায় আটকে ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই এই অর্থনৈতিক অঞ্চলের প্রয়োজনীয় প্রায় সব কাগজপত্র সম্পন্ন হয়েছে, যা চীনা বিনিয়োগের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।

রাষ্ট্রদূত আরও জানান, প্রধানমন্ত্রীর চীন সফরের সময় তিনি নিজেও তার সঙ্গে ছিলেন। বেইজিংয়ে অনুষ্ঠিত বড় বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রী অংশ নেন এবং দালিয়ানে চীনের বেশ কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে সক্রিয়ভাবে কাজ করেছেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে ইয়াও ওয়েন বলেন, ইতিমধ্যে ১২টি চীনা কোম্পানি বাংলাদেশে ৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং এসব প্রতিষ্ঠানের বিবেচনায় বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রকল্প রয়েছে।

ইয়াও ওয়েনের ভাষ্য, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম বড় অর্জন হলো বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে চীনা কোম্পানিগুলোর আস্থা ও আগ্রহ বৃদ্ধি পাওয়া। আনোয়ারা ইকোনমিক জোনের অগ্রগতি চীনা ব্যবসায়ীদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে যে, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও নিরাপদ গন্তব্য।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ থেকে ২৬ জুন সরকারি সফরে চীন সফর করেন। সংবাদ সম্মেলনে চীনা দূতাবাসের পরিচালক ঝাং জিং এবং কাউন্সেলর সং ইয়াংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন