সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

গ্রীষ্মকালীন সেনা মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সশরীরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সশরীরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তিনি কাঁচা রাস্তা, ধানক্ষেত ও জঙ্গল পেরিয়ে পায়ে হেঁটে প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম, রণকৌশল এবং অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন এবং যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। গাছের আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। পরে সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন।

সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।” তিনি জাতীয় সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন