সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান ঘাঁটি ও ড্রোন কারখানা হচ্ছে: এলজিআরডি প্রতিমন্ত্রী

বগুড়াকে কেন্দ্র করে সরকারের মেগা উন্নয়ন পরিকল্পনার তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে

বগুড়াকে কেন্দ্র করে সরকারের মেগা উন্নয়ন পরিকল্পনার তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সেখানে উত্তর অঞ্চলের প্রথম বিমান ঘাঁটি এবং তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

বগুড়া বিমানবন্দরের আধুনিকায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যে উত্তর অঞ্চলের জন্য বিমান বাহিনীর প্রথম বিমান ঘাঁটি অনুমোদিত হয়েছে। তিনি আরও যোগ করেন, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমানগুলো যুক্ত হবে, সেগুলো বগুড়া এয়ারপোর্টের এই বিমান ঘাঁটির বহরেই সংযুক্ত করা হবে।

প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে নতুন দিগন্তের কথা উল্লেখ করে মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে তাঁর প্রশ্নোত্তর পর্বে বলেছেন বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলা হবে।

বগুড়া জেলা অতীতে কতটা রাজনৈতিক প্রতিহিংসা ও উন্নয়নবঞ্চনার শিকার হয়েছে, তার উদাহরণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী ক্রীড়াঙ্গনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ২০০৬ সালের পর বগুড়ায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকার পরও সেখানে আর একটি আন্তর্জাতিক মানের খেলাও হতে দেওয়া হয়নি।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার বৃত্ত থেকে বেরিয়ে এসে সারাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বগুড়ার এই সমস্ত ঘাটতি পূরণ ও দীর্ঘদিনের বঞ্চনা অবসানে কাজ করে যাচ্ছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন