দেশ পুনর্গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কোনো বাধা মেনে নেবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার কাজে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ডধারী নারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, সামনে এগিয়ে নিতে চাই। বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতদিন জনগণের সমর্থন দলের সঙ্গে থাকবে, ততদিন কোনো বাধা আমাদের থামাতে পারবে না।’ দল-মত, ধর্ম ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবার অংশগ্রহণে দেশকে এগিয়ে নেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের অভিজ্ঞতা ও মতামত শোনেন প্রধানমন্ত্রী। পারুল আখতার নামে এক নারী সুবিধাভোগী জানান, ফ্যামিলি কার্ড পাওয়ার পর তার সংসারের অভাব অনেকটাই কমেছে এবং তিনি এর সুফল পাচ্ছেন। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বোনদের কাছ থেকে শুনলাম, ফ্যামিলি কার্ড পাওয়ার পর তাদের সংসার পরিচালনায় কিছুটা হলেও স্বস্তি এসেছে। আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের মা-বোনদের জীবনমানের উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’
দেশের প্রতিটি যোগ্য নারীর হাতে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নারী সমাজ যদি সরকারের পাশে থাকে, তাহলে আমরা পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব। এই কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। নারীরা যেমন শিক্ষায় এগিয়ে যাবেন, তেমনি অর্থনৈতিকভাবেও আরও স্বাবলম্বী হবেন।’
সরকারের উন্নয়ন দর্শন তুলে ধরে তিনি আরও বলেন, ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ। সবার জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।’
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ভবিষ্যতেও কোনো ধরনের বিভেদ নয়, বরং মানবিকতার ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চায় সরকার।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল নগরের উদ্দেশে রওনা হন। সেখানে সিটি করপোরেশন এলাকার ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।