চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য সব অঞ্চলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি চলবে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত এক জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত থাকবে। দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী যথানিয়মে অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন সভায় জানানো হয়, সারা দেশে পরীক্ষা গ্রহণের জন্য অত্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) মাত্র একটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে সম্পূর্ণ নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে চট্টগ্রামে তীব্র জলাবদ্ধতার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় ওই অঞ্চলের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কর্মকর্তারা জানান, যদি কোনো পরীক্ষা কেন্দ্রে বিশেষ সমস্যা দেখা দেয়, তবে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে। এরই মধ্যে বর্তমান পরিস্থিতির কারণে কুমিল্লার একটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা নিয়ে ছড়ানো বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তারা উল্লেখ করেন, একটি মাত্র কেন্দ্রের ভিডিও কিংবা পুরনো কোনো ভিডিও ব্যবহার করে অনলাইনে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে কোনো বাধা ছাড়া নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের এই অনলাইন সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সভায় আরও অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।