জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। তারা জামায়াতকে লাল কার্ড দেখায়, তবে জামায়াত এই লাল কার্ডের পরোয়া করে না। কারণ ভারতের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
চব্বিশের গণ-অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলেও চব্বিশের অর্জন রক্ষা করবে জামায়াত।
জামায়াত আমির বলেন, সবাই ২০২৪ সালের অর্জনের কথা স্বীকার করলেও অনেকে এখনও অতীত নিয়েই পড়ে আছেন। চব্বিশের গণঅভ্যুত্থান না হলে তারেক সাহেব প্রধানমন্ত্রী আর আমি বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। অতীত নিয়ে পড়ে থাকলে জাতি সামনে এগোবে কীভাবে?
জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার একথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ গণভোটের প্রশ্ন বুঝতে পারে না বলে যারা সমালোচনা করছেন, তারা চারটি প্রশ্ন বুঝতে না পারলে কীভাবে ৩১ দফা বুঝলেন?
সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ভোটে কারচুপির বিষয় একদিন সামনে আসবেই। গণভোটের রায়ের পক্ষে আন্দোলন কখনও বৃথা যাবে না। সংসদে সমাধান না হলে রাজপথেই এর সমাধান হবে।
জনগণের ন্যায্য দাবি আদায়ে সংসদ ও রাজপথ উভয় জায়গাতেই জামায়াত সক্রিয় থাকবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান আন্দোলনের বীর শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের দাবি জানান।