আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তাঁর সঙ্গে ৪০টির বেশি বিমান নিয়ে ঢাকায় নামার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত এই নেতার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বলতে শোনা যায়, উনি (শেখ হাসিনা) যাবেন, উনি মোকাবেলা করবেন। উনি বলেছেন, উনি যাবেন। আমাদের সমস্ত নেতাকর্মী এখানে যারা আছেন, এই ইংল্যান্ড থেকে ১০টি বিমান চার্টার্ড হয়ে যাবে। এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে… ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে হয়তো ৪০টির উপরে বিমান গিয়ে একসাথে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।
বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে সিলেটের এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, আর এই সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে প্রবাসীরা আবারো জেগে উঠবে এবং প্রবাসীরা এই সরকারের কোনো মন্ত্রী, এমপি এবং তাদের দোসর কাউকে প্রবাসে আসতে দেওয়া হবে না। যদি তারা বেশি বাড়াবাড়ি করে, আমরা বিশ্বাস করি আগামী দিনে এই দেশ মুক্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে… উনি বলেছেন উনি দেশে যাবেন। উনি যেটা বলেন সেটা করেন।
উল্লেখ্য, সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তাঁর সঙ্গে দেশে ফিরবেন। মূলত তাঁর এই আহ্বানের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে লন্ডনে অবস্থানরত আনোয়ারুজ্জামান চৌধুরী এই মন্তব্য করেন।
এদিকে, কেউ কেউ বিষয়টিকে ‘আবেগতাড়িত’ বক্তব্য বলেও অভিহিত করেছেন।