আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সরকারি আরবি ভাষার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে ইতোমধ্যে রওনা হয়েছেন নেতানিয়াহু।
সফরকালে ট্রাম্প ও নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে বসবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে নেতানিয়াহুর সাথে তাঁর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে বিশ্বের অন্য যেকোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের তুলনায় সবচেয়ে বেশি বার সাক্ষাৎ করার রেকর্ড গড়ছেন নেতানিয়াহু।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে মোটাদাগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
নেতানিয়াহুর এই সফরের মাঝেই আন্তর্জাতিক নিয়মকানুন ও যুদ্ধাপরাধের অভিযোগ টেনে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। তবে ট্রাম্প প্রশাসনের আমন্ত্রণ এবং মার্কিন সরকারের সুরক্ষার কারণে এই পরোয়ানা কার্যত উপেক্ষিতই থাকছে।