চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) অবকাঠামোগত উন্নয়নসহ মোট বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ জুলাই) সিইআইজেডের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে এখানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হলেও অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে তা ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। প্রকল্পটিকে দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে এবং একটি শক্তিশালী সাপ্লাই চেইন গড়ে উঠবে।
বিনিয়োগ সহজীকরণের বিষয়ে অর্থমন্ত্রী জানান, দেশে দীর্ঘ প্রতীক্ষিত ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ এবার বাস্তবায়ন করা হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা কমাতে বাজেটে ডিরেগুলেশনের ওপর জোর দেওয়া হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও মূলধন ফেরত নিয়ে যাওয়ার প্রক্রিয়া সহজ করা হচ্ছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের আহ্বান জানিয়ে তিনি চট্টগ্রাম এলাকায় একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য চীনের রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম, চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক এবং এমএম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।