বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে প্রায় ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল কোম্পানি ‘সানকো’। তারা মীরসরাই শিল্পাঞ্চলে এই বিনিয়োগের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করে সানকোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই বিনিয়োগ পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমও উপস্থিত ছিলেন।
সানকোর প্রতিনিধি দল জানায়, বর্তমানে তারা তুরস্ক থেকে টেক্সটাইল পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের সম্ভাবনাময় বাজার, দক্ষ শ্রমশক্তি এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার কারণে মীরসরাইয়ে উৎপাদন কেন্দ্র স্থাপনে তারা আগ্রহী। প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় সুতা ও কাপড় উৎপাদন, ফেব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের (ভ্যালু অ্যাডেড) টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সার্বিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
প্রকল্পটির সম্ভাব্য স্থান নির্বাচন ও অংশীদারদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা সম্ভব হলে আগামী কয়েক মাসের মধ্যেই পরবর্তী কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সানকো। নির্মাণকাজ শুরু হওয়ার পর ১২ থেকে ১৮ মাসের মধ্যে কারখানাটি চালু করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বৈঠকে সানকোর প্রতিনিধিরা নিরবচ্ছিন্ন জ্বালানি সুবিধা, গ্যাস ও বিদ্যুৎ সংযোগসহ দ্রুত সরকারি অনুমোদন নিশ্চিতকরণে সহযোগিতা চান। একই সঙ্গে তারা পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন পদ্ধতির গুরুত্ব তুলে ধরে কয়লাবিহীন জ্বালানি ব্যবস্থাপনার বিষয়টি উল্লেখ করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে সানকোকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, বর্তমান সরকার শিল্পখাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সকল সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।