সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ এর কাছে মিলল ভারতীয় আধার কার্ড

সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার মুহূর্তে চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে

সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার মুহূর্তে চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে জালিয়াতির মাধ্যমে তৈরি একটি ভারতীয় ‘আধার কার্ড’ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) যশোর জেলা পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ তার চার সহযোগীকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, বুধবার সকাল ৬টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার সব প্রস্তুতি শেষ করেছিল ডেভিড ইমন। তাকে সীমান্ত পার করে দেওয়া এবং ভারতে গিয়ে কে রিসিভ করবে—সবই নির্ধারিত ছিল। সেখানে ব্যবহারের জন্যই তিনি অগ্রিম একটি আধার কার্ড তৈরি করে রেখেছিলেন।

উদ্ধার করা আধার কার্ডটি পর্যালোচনা করে দেখা গেছে, তাতে ডেভিড ইমনের ছবি থাকলেও নাম ব্যবহার করা হয়েছে ‘আজাহার খান’ এবং জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১২ মে ১৯৯৮। ১২ ডিজিটের ওই আধার নম্বরটি ছিল, ১২৩৪৫৬৭৮৯০১২। এই ভুয়া পরিচয়পত্রের বিষয়ে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীসহ ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া এলাকায় হত্যা, অস্ত্র প্রদর্শন ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা পুলিশের বিভিন্ন থানায় হত্যা, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি গুরুতর অপরাধের মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগর ও রাউজান-রাঙ্গুনিয়ার একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন