চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক দেশ হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওয়াইকো হলো বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে চীনের নেতৃত্বে গঠিত একটি আন্তর্জাতিক জোট যা মূলত মার্কিন নেতৃত্বাধীন একক প্রযুক্তি নীতির বিপরীত ভারসাম্য রক্ষায় গড়ে তোলা হয়েছে। চীনের সাংহাই শহরে আন্তর্জাতিক এই সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। রাশিয়া, পাকিস্তান ও ব্রাজিলসহ বিশ্বের মোট ২৯টি দেশ ইতোমধ্যে এই জোটে সক্রিয় সদস্য হিসেবে যুক্ত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সংস্থায় যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক এআই প্রযুক্তি ও নীতির বিকাশে অংশ নেওয়ার সুযোগ পাবে।
সংস্থাটির মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে এআই উদ্ভাবন ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং বৈশ্বিক এআই বিকাশের ক্ষেত্রে একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা। এছাড়া এই উদীয়মান ও শক্তিশালী প্রযুক্তি যেন মানবজাতির জন্য সম্পূর্ণ নিরাপদ ও কল্যাণকর থাকে, সে লক্ষ্যে একটি আন্তর্জাতিক বিধিমাল বা নীতিমালা তৈরির কাজ করছে ওয়াইকো।
বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্তকে এআই প্রযুক্তি খাতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত এবং চীনের সাথে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার অন্যতম পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।