নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনের ছয় শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া অন্য নেতারা হলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস সরকার।
শাহবাগ থানার ওসি জানান, মঙ্গলবার রাতে বাবুল সরকার নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে এই ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মামলাটির বাদী এবং ‘রাষ্ট্র সংলাপ ফোরামের’ (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য ওই ঘটনার প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আল নুর মোহাম্মদ আয়াসসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও উভয়পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা জরুরি বিভাগে অবস্থান শেষে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় রাত ১১টা ১০ মিনিটের দিকে শান্তা ফারজানাসহ ছয়জনকে হাসপাতাল থেকে থানায় নিয়ে যায় পুলিশ।