রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে (ডকুমেন্টারি) কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। প্রদর্শিত তথ্যচিত্রে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের ‘অসংগতি’ দেখে ক্ষোভে ফেটে পড়েন দর্শকসারিতে থাকা ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ।
বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের উপস্থিতিতেই এ বিশৃঙ্খলা শুরু হয়। আকস্মিক হট্টগোলের মুখে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা দ্রুত মঞ্চ ও প্রেক্ষাগৃহে কঠোর অবস্থান গ্রহণ করেন।
অনুষ্ঠান সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রটিতে মূল আন্দোলন-সংগ্রামের প্রকৃত চিত্র সঠিকভাবে ফুটে ওঠেনি। বিশেষ করে ৩ আগস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তথ্যচিত্র থেকে পুরোপুরি অনুপস্থিত রাখা হয়েছে এমন অভিযোগ তুলে উপস্থিত অতিথিদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অনুষ্ঠানস্থলে ক্ষোভ প্রকাশ করে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থাপক বারবার সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বয়ং মঞ্চে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি বলেন, আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান, দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্ত হয়ে বসুন। এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে মঞ্চে আহ্বান জানান।
মঞ্চে উঠে আখতার হোসেন আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ডকুমেন্টারিতে যে অসংগতি রয়েছে তা আমরা দেখেছি এবং এ বিষয়ে সরকারকে অবহিত করব। ৩ আগস্টের ঘটনাপ্রবাহ এখানে একেবারে অনুপস্থিত ছিল। এ নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাইব। তবে আজকের এই ঐতিহাসিক দিনে শহীদ পরিবারের সম্মানে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।
অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান তাৎক্ষণিক বক্তব্যে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আজকে এই ডকুমেন্টারি দেখে আপনারা মনে কষ্ট পেয়েছেন। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান আমাদের সবার অর্জন। তথ্যচিত্রে ৩ আগস্টের বিষয়সহ যেসব অসংগতি বা ভুলভ্রান্তি রয়েছে, আমরা তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব এবং দ্রুত সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।