জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রের (ডকুমেন্টারি) ভুলত্রুটির প্রতিবাদ করায় শারীরিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ গুরুতর অভিযোগ তোলেন।
ফেসবুক পোস্টে মাহিন সরকার দাবি করেন, আজকের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারির অন্যায্যতার প্রতিবাদ করেছি। স্বয়ং রাষ্ট্রপতির উপস্থিতিতে আমার ওপর হামলা চালানো হয়েছে এবং আমি সত্যের পক্ষে কথা বলে এই আক্রমণের শিকার হতে পেরে গর্বিত।
ঐতিহাসিক ঘটনার বিকৃতির অভিযোগ তুলে তিনি আরও লেখেন, প্রদর্শিত ডকুমেন্টারিতে গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে তারেক রহমানকে উপস্থাপন করা হয়েছে। অথচ জীবনের ঝুঁকি নিয়ে নিজের মৃত্যু পরোয়ানায় সই করে যে নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছিলেন, বিএনপির ওই ইতিহাসচিত্রে তিনি অনুপস্থিত। একইভাবে নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে যিনি ‘লং মার্চ টু ঢাকা’র ডাক দিয়েছিলেন, সেই আসিফ মাহমুদও ইতিহাসে স্থান পাননি।
মাহিন সরকার আরও আক্ষেপ প্রকাশ করে লেখেন, জুলাই অভ্যুত্থানের পর জীবিত থাকাটাই যেন আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। গণ-অভ্যুত্থানে আমার নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের পাশে থাকা আমার পরম সৌভাগ্য। যে ইতিহাসে তাদের অবদানকে অস্বীকার করা হয়, সেখানে আমারও কোনো অবস্থান থাকতে পারে না।
উল্লেখ্য, বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী) আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে তথ্যচিত্রের ‘অসংগতি’ ও আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ৩ আগস্টের ঘটনাপ্রবাহ অনুপস্থিত থাকায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যরা। সেখানে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
উদ্ভূত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান তাৎক্ষণিক বক্তব্যে বলেন, আজকের ডকুমেন্টারি দেখে আপনাদের মনে কষ্ট পাওয়ার বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করছি। জুলাই আন্দোলন আমাদের সবার যৌথ অর্জন। প্রামাণ্যচিত্রে ৩ আগস্টের ঘটনাবলীসহ যেসব ভুলত্রুটি ও অসংগতি রয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।