দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার ও দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি সেখানে পৌঁছান।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রাখা, জ্বালানি খাতের টেকসই সহযোগিতা এবং বাংলাদেশে কাতারি বিনিয়োগের সম্ভাবনা প্রসারের বিষয়গুলো প্রাধান্য পাবে।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাতার সফর শেষে আজ বুধবার (১৯ আগস্ট) প্রতিনিধিদলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।