সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ত্রিপক্ষীয় ‘মক্কা প্যাক্ট’ বা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিবাচকভাবেই দেখছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এই চুক্তির সার্বিক বিষয়ে দলের সংশ্লিষ্ট উপকমিটি বিশেষ পর্যবেক্ষণ রাখছে বলেও জানান তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দেশের বিমান পরিবহন খাত ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের বিমান টিকিটের দাম কমে এসেছিল। তবে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয় হয়ে ওঠায় টিকিটের দাম আবারও বেড়েছে।
গ্যাস ও বিদ্যুতের মারাত্মক সংকটের কথা তুলে ধরে তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকে প্রতিটি সেক্টরেই দ্রব্যাদির মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে। ফলে সাধারণ জনগণের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠে গেছে। জনভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।