ধানমন্ডি ৩২-এ অগ্নিসংযোগ ও ভাঙচুরের নিরপেক্ষ তদন্তে জড়িতদের শাস্তির দাবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডার ক্যালগেরি সিটি হলের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। গত ১৬ আগস্ট আয়োজিত এ কর্মসূচি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন মো. রিয়াদ হোসাইন, আলী আহমদ হাসান ও আব্দুস সালাম। বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে যে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, ওই ঘটনার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তারা বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও দায়ীদের পরিচয় জনসম্মুখে তুলে ধরতে হবে।
কর্মসূচিতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়। বক্তারা জানতে চান, ২০২৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই বাড়িটি পুনঃসংস্কার বা সংরক্ষণের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি কেন।
বক্তারা বলেন, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি শুধু একটি ভবন নয়; বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে এটি গভীরভাবে জড়িত। তাই ঐতিহাসিক স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণ ও পুনঃসংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ঐতিহাসিক স্থাপনা ধ্বংস বা অবহেলার মাধ্যমে একটি জাতির ইতিহাস মুছে ফেলা যায় না। ইতিহাস সংরক্ষণ এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব সবার। তারা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ২০২৪ সালের ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।