ডাকসু সংগ্রহশালার বর্তমান প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জন ও তার পূর্বাপর সংগ্রামের ধারাবাহিকতাকে আড়াল করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, ইতিহাস কোনো ব্যক্তির রাজনৈতিক পছন্দ-অপছন্দ বা দলীয় বিবেচনার ওপর ভিত্তি করে নির্ধারিত হতে পারে না। ডাকসু সংগ্রহশালা নির্দিষ্ট কোনো দলের ইতিহাস নয়, বরং এটি ছাত্রসমাজের সংগ্রাম, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতার স্মারক। এখানে ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও ঐতিহাসিক সত্যকেই প্রাধান্য দিতে হবে।
সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন এবং ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাদ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা বাঙালির আত্মপরিচয়ের সংগ্রামের বিপরীত অবস্থান নির্দেশ করে, যা ছাত্রসংগ্রামের গৌরবোজ্জ্বল অংশ নয়। অথচ স্বাধীনতার অন্যতম প্রধান প্রতীক ৭ মার্চের ভাষণের ছবি বাদ দিয়ে জিন্নাহর বক্তব্যের ছবি স্থান দেওয়া সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং ইতিহাস বিকৃতির সামিল।
২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জেএসডি সভাপতি বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ইতিহাস মুছে ফেলে নতুন ইতিহাস রচনার জন্য হয়নি; এটি সংঘটিত হয়েছিল জনগণের অধিকার, গণতন্ত্র ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে। ইতিহাস পুনর্বিন্যাসের নামে এক পক্ষের স্মৃতি মুছে ফেলা ইতিহাসের রাজনৈতিক অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।