জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প পরিচালনা ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে সড়কের দুই পাশে দেশের সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে এই কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানাবেন। কর্মসূচিটি সফল করতে দলীয় ও সার্বিক সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম লংমার্চের তুলনায় এবারের দ্বিতীয় লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ বহু গুণ বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লংমার্চের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, লংমার্চকে কেন্দ্র করে কোনো ধরনের প্ররোচনা বা উসকানিতে পা দেওয়া যাবে না। নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পরিচালনার দিকনির্দেশনা দেন তিনি।
দীর্ঘ এ কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক যাতায়াত ও চলাচলে বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি জেনারেল দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি।